চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষ কর্মী তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে দ্বাদশ সরকার

১০ জানুয়ারি, ২০২৪ ১৩:৩৫  

চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বিশ্বে প্রয়োজনীয় সাড়ে সাত কোটি দক্ষ কর্মীর যোগান দিতে বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেবে নতুন সরকার। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম দলীয় সংসদীয় কার্যসভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্রমতে, চতুর্থ শিল্প বিপ্লবের স্মার্ট কর্মী গড়ে তুলতে ফ্রন্টিয়ার টেকনোলজিতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেবে সরকার। সেই লক্ষ্যে বৈঠকে স্মার্ট ও আধুনিক সোনার বাংলাদেশ গঠনে অর্থনৈতিক সঙ্কট সহ অন্যান্য সঙ্কট মোকাবেলায় শিগগিরই কর্ম পরিকল্পনা গ্রহণ কথা প্রাধান্য পেয়েছে। সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ গঠনের পর কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশলপত্র নেয়া হবে।

বুধবার দুপুরে বৈঠক শেষে চতুর্থ বারের মতো সংসদ সদস্যের শপথ নিয়ে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালে স্মার্ট নাগরিকদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। ডিজিটাল বাংলাদেশ বাস্তাবায়নের মাধ্যমে মধ্যম আয়ের দেশ হওয়ার পর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠন করতে তরুণদের মেধা নির্ভর কর্মসংস্থানে সরকার গুরুত্বারোপ করেছ বলেও জানান তিনি।

বৈঠক সূত্রে জানা গেছে, সংসদীয় বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা-কে ফের সংসদ নেতা নির্বাচিত করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন এবং নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়। একইভাবে সংসদ উপনেতা মনোনীত হয়েছেন মতিয়া চৌধুরী এবং চিফ হুইপ হয়েছেন নূর ই আলম চৌধুরী।